আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি জোট গঠনের পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে একই দিন বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি যুক্ত হওয়ায় জোটটি এখন ১০ দলে রূপ নিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে তিনি কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর জন্য জায়গা ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, “আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার নির্বাচনি প্রচারণায় যে পরিশ্রম করেছেন, তার জন্য তিনি সবার কাছে ঋণী। দ্বীন বিজয়ের আন্দোলনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, এনসিপি ও জামায়াতের জোট ঘোষণার পর সাইফুল ইসলাম শহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার রাজনৈতিক প্রজ্ঞা ও দলীয় শৃঙ্খলার পরিচয় বহন করে। তিনি বলেন, সবাই মিলেমিশে দেবিদ্বারের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে চান তারা।