অনেক রাজনৈতিক দল জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলেও এই মুহূর্তে সবাইকে একসঙ্গে জায়গা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আটটি দল একসঙ্গে কাজ করে আসছে, ফলে নতুন করে সবাইকে সমন্বয় করা তাৎক্ষণিকভাবে সহজ নয়।
রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে নিয়ে চলার পক্ষেই আছি। কেউ যদি জোটে আসতে চায়, নীতিগতভাবে আমরা তাকে কবুল করব।
তবে বাস্তবতার কারণে এই মুহূর্তে সবাইকে একসঙ্গে অ্যাকমোডেট করা আমাদের জন্য কঠিন হতে পারে।” তিনি যোগ করেন, বিশেষ কোনো পরিস্থিতি থাকলে তা নিয়ে শরিক দলগুলোর মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আসন বণ্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আসন বণ্টনের ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “আমরা সবাই সবার হাতে আসন তুলে দেব। যার যে যোগ্যতা, তার ভিত্তিতেই আসন দেওয়া হবে।” খুব শিগগিরই আসন বণ্টনসংক্রান্ত ঘোষণা আসবে বলেও জানান তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোট সম্প্রসারণ ও আসন বণ্টন নিয়ে জামায়াতের এই বক্তব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সমঝোতা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।