এনসিপি–জামায়াত জোট গঠনের বিষয়টি সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত হলেও তা এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন–এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নির্বাচন-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আরপিওতে স্পষ্ট উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা অযথা জটিলতা তৈরি করছে। বিষয়টি কমিশনের নজরে আনা হয়েছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রচার নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে, যা ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ ধরনের অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিএনপি কমিশনের কাছ থেকে স্পষ্ট ও দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা করে।