দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার পর প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার তৃতীয় দিন রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার জন্য নির্ধারিত নতুন চেম্বারে বসে অফিস কার্যক্রম শুরু করেন।
দলীয় সূত্র জানায়, দুপুর ১টা ৪৮ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। অফিসে প্রবেশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম অফিস কার্যক্রম। এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, উপদেষ্টা মাহাদী আমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র আরও জানায়, গুলশানের কার্যালয়ের পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গুলশানে একটি পৃথক বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তিনিই দেশের প্রধানমন্ত্রী হবেন বলেও দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।