অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ–এর অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আশ্বাস দেন।
রিজওয়ানা হাসান বলেন, হাদির পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যেই যারা হাদিকে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক; দেশের জন্য তার শহীদ হওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষটির জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের জাতীয় দায়িত্ব।
উপদেষ্টা আরও বলেন, সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে অবস্থান করছে না, তবে তদন্তে জড়িত সবাইকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে নিরলসভাবে কাজ চলছে। শত্রুপক্ষকে শক্তিশালী করতে পারে—এমন কোনো তথ্য তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।
তিনি জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে সুনির্দিষ্ট ও শক্তিশালী চার্জশিট দাখিল করা হবে। ইনশাআল্লাহ, ৭ জানুয়ারি ২০২৫-এর পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই দ্রুত বিচার শেষ করা হবে। অতীতে আসিয়া হত্যাকাণ্ডে ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা থেকেই এবারও কোনো ফাঁকফোকর না রেখে মামলা এগোনোর কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, অভিযুক্তরা দেশত্যাগ করে থাকলেও তাদের বিরুদ্ধে ইন অ্যাবসেনশিয়া (অনুপস্থিতিতে) বিচার চলবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, রোববার সকালে পুলিশ সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরবে।