চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এর সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওই ব্রিফিংয়ের ভিডিও রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে—এমনটি বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত অতিক্রম করছেন।
তিনি আরও বলেন, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসা প্রসঙ্গে মেডিকেল বোর্ডের এই সদস্য জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন।
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার দিনভর কর্মসূচি শেষে তিনি আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।