পটুয়াখালীর বাউফলে বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি হেলাল মুন্সীর নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। তিনি নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন, মিষ্টিমুখ করান এবং জামায়াতের লোগো সংবলিত মাফলার উপহার দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় দলটি সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রাসেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।