যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না আসায় রাজধানীর শাহবাগ মোড় উত্তাল হয়ে উঠেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না করে কাউকেই নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতির প্রয়োজনে যেকোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা একের পর এক স্লোগানে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছেন। আন্দোলনকারীদের ভাষ্য, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না।
ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা সৃষ্টি করছে। তাদের মতে, এই নিষ্ক্রিয়তা শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল।
সরকারি উপদেষ্টাদের উদ্দেশে তীব্র ভাষায় সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সেই স্বপ্ন এ দেশের মাটিতেই ভেঙে দেওয়া হবে। রক্তের সঙ্গে বেইমানির বিচার জনগণ নিজেই করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, এক হাজার চারশ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও এখন পর্যন্ত খুনিদের বিচারে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেটের কথা বলে ক্ষমতায় আসা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জাজনক।
হাদি হত্যার বিচার নিয়ে কারা বাধা সৃষ্টি করছে সে প্রশ্ন তুলে জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে, তাদের নাম প্রকাশ করুন। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাহারা দেব। কিন্তু বিচার না করলে এই ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে।