জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ডা. তাসনিম জারা তার পোস্টে বলেন, তিনি ব্যক্তিগত বিশ্বাস ও নীতির জায়গা থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চান। তার এই ঘোষণার পর এনসিপির ভেতরে স্পষ্ট অস্বস্তি ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে দলটির শীর্ষ নারী নেত্রীদের একাধিক ফেসবুক পোস্ট বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের পোস্টে লেখেন, “আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।” একইসঙ্গে দলটির যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম মন্তব্য করেন, “নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।”
সবচেয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি ফেসবুক পোস্টে লেখেন, “এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এরচেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থিতা যেমন এনসিপির অভ্যন্তরীণ বিভাজনকে সামনে এনেছে, তেমনি আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনের সমীকরণও নতুন করে আলোচনায় এসেছে।