আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।
শনিবার মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুর ১২টার দিকে মাওলানা মামুনুল হক রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৩ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তটি দলের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হয়েছে। খেলাফত মজলিস মনে করছে, রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনে মামুনুল হকের প্রার্থিতা নির্বাচনি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, বর্তমানে জামায়াতসহ মোট আটটি রাজনৈতিক দলের মধ্যে একটি নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলমান রয়েছে, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসও অংশীদার। এই সমঝোতার আওতায় কোন আসনে কোন দল প্রার্থী দেবে—তা নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই জোটগত সমঝোতার আলোকে মামুনুল হকের প্রার্থিতা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৩ আসনে মামুনুল হকের প্রার্থী হওয়া ইসলামী রাজনৈতিক ধারার ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করতে পারে। মনোনয়ন দাখিলের পর তার নির্বাচনী কর্মসূচি ও কৌশল আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।