কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে বিষয়টি ছিল অনেকটাই নীরব ও গোপনীয়। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী। একই সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক। তিনি বলেন, “আসিফ মাহমুদ আমাদের কাছে তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।”
মনোনয়নপত্রের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর। বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনের ভোটার হয়েছেন এবং সেখানে প্রচারণাও চালাচ্ছেন। তবে কুমিল্লা-৩ আসনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এখনো তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে মিনহাজুল হক বলেন, “জোট রাজনীতিতে নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। সে কারণে একাধিক আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো হাতে সময় আছে।”
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ২৭টি, জামায়াত ১১টি, স্বতন্ত্র ২১টি এবং অন্যান্য দলের প্রার্থীরাও রয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র কেনা হলেও তিনি নিজে উপস্থিত না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্ব পায়নি। তবে ঢাকা-১০ ও কুমিল্লা-৩—দুটি আসনেই তার মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি করেছে।