ভোটার হতে অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তারেক রহমান যেখানে ভোটার হতে আগ্রহী হবেন, সেখানেই তাকে ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পরই ভোটার হওয়া নিয়ে প্রস্তুতি শুরু হয়। বিএনপি সূত্রে জানানো হয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরই মধ্যে ভোটার নিবন্ধনের জন্য অনলাইন ফরম পূরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ইসি কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে অবশ্যই দেশের যে কোনো একটি এলাকার ভোটার হতে হয়। ভোটার হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো এলাকায় স্থায়ীভাবে বসবাসের বাধ্যবাধকতা নেই। ফলে তারেক রহমান চাইলে নিজ পছন্দের যে কোনো আসনে ভোটার হতে পারবেন। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে তাকে বগুড়া-৬ আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও জানান, ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় নানা বাস্তব ও আইনগত কারণে তারেক রহমান ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেননি। বর্তমানে সেই জটিলতা আর নেই। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই শেষে দ্রুতই তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। সে কারণে মনোনয়ন দাখিলের আগেই ভোটার হওয়া বাধ্যতামূলক।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, “তারেক রহমানের ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি কোথায় ভোটার হবেন, তা সময়মতো জানানো হবে।”
দেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ভোটার হওয়াকে আসন্ন নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।