আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅিকার পরিষদের শীর্ষ দুই নেতা ভিন্ন ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই নির্বাচনী কৌশলের কথা জানান।
পোস্টে জানানো হয়, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে দলটির সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে দলীয় প্রতীক ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় কৌশলের অংশ হিসেবেই শীর্ষ দুই নেতার জন্য ভিন্ন প্রতীক নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
গণঅধিকার পরিষদের নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত নির্বাচনের মাঠে জোটগত সমন্বয় ও সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করবে। বিশেষ করে ভিন্ন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট বিভাজন কমিয়ে জনসমর্থন একীভূত করাই এই কৌশলের মূল লক্ষ্য। দলটির মতে, এতে করে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে আরও বিস্তৃত জনগোষ্ঠীর সমর্থন আদায় করা সম্ভব হবে।
নেতৃত্ব পর্যায় থেকে আরও বলা হয়, ভিন্ন প্রতীকে নির্বাচন করলেও রাজনৈতিক লক্ষ্য ও আদর্শে কোনো ভিন্নতা নেই। বরং এই সিদ্ধান্ত গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে ঐক্য জোরদার করবে এবং নির্বাচনী রাজনীতিতে গণঅধিকার পরিষদের অবস্থানকে আরও দৃশ্যমান করবে। দলটি আশাবাদী, এই কৌশল ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং গণতান্ত্রিক ধারার পক্ষে জনমত আরও সুসংহত হবে।