বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে একই দিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম ও সিবগাতুল্লাহ সিবগা নির্বাচিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করছেন।
জামায়াত আমির তার পোস্টে নবনির্বাচিত নেতাদের জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের হেফাজত করেন, রহমত ও বরকতে আবৃত রাখেন এবং ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বরকত দান করেন। সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দান এবং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার শক্তি দেওয়ার জন্যও তিনি প্রার্থনা করেন।
এছাড়া বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ভূমিকাকে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তায়ালা যেন তার দায়িত্ব পালন কবুল করেন এবং ভবিষ্যৎ দিনগুলোকে তার জন্য আরও সহজ ও কল্যাণময় করে দেন।