বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, প্রায় ১৫ বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই তিনি বলেছিলেন—একদিন তারেক রহমান দেশে ফিরবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সে সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আন্দালিব রহমান পার্থ। তিনি লেখেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তার সেই বিশ্বাসেরই বাস্তব প্রতিফলন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে এমন বক্তব্য দেওয়া মোটেও সহজ ছিল না। তবে সেটি কোনো অনুমান বা ভবিষ্যদ্বাণী ছিল না; ছিল দৃঢ় বিশ্বাসের প্রকাশ। তার ভাষায়, তিনি তখনও বলেছিলেন—তারেক রহমান ফিরে আসবেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণই।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আরও বলেন, তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের সিদ্ধান্তে নির্ধারিত হয় না। সময়, আল্লাহর ইচ্ছা এবং জনগণের সমর্থনের মধ্য দিয়েই একজন নেতার প্রকৃত ভবিষ্যৎ গড়ে ওঠে—এমনটাই তিনি বিশ্বাস করেন।