ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সঙ্গে দেশের সাধারণ জনগণকে শাহবাগে এসে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশের মানুষকে শাহবাগে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং মোড়টি অবরোধ করে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।