শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং চারদিকের সড়ক ব্লকেড করে। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদিকে গুলি করা ব্যক্তির পরিচয় হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে। আলোচনায় রয়েছে, ওই আসামি ঘটনার পর ভারতে পালিয়ে গেছেন।
ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।