আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহীদ ওসমান হাদি–এর প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির প্রধান দাবি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতারই প্রমাণ। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ এবং সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্যেই ঘোষিত মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতারা আশা প্রকাশ করেন, ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত সৃষ্টি হবে।