সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, উন্নতমানের চাদর এবং মাদকদ্রব্য জব্দ করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত ২৪ ডিসেম্বর দিন ও রাতভর পরিচালিত এসব অভিযানে জব্দকৃত পণ্যের মোট বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৭২ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে খবর আসে যে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট রুটে নজরদারি বাড়িয়ে একটি চেকপোস্ট স্থাপন করেন। সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি ভারতীয় শাল-চাদর উদ্ধার করা হয়। বিজিবির হিসেবে এই চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা।
একই দিনে ব্যাটালিয়নের অধীনস্থ চারটি বিওপির সদস্যরা আরও তিনটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের সিজার মূল্য প্রায় ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।
এই অভিযানের বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “চোরাচালানের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং সীমান্ত এলাকায় অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপতৎপরতা রুখতে আমাদের টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।