বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে বহনকারী বাংলাদেশ বিমান–এর ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ যাত্রাবিরতি করার কথা রয়েছে। এই যাত্রাবিরতিকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত ও নিরাপত্তার স্বার্থে যাত্রাবিরতির সময় তারেক রহমান বিমান থেকে নামবেন না। এ সময় বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগমের অনুমতি দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও বাড়ানো হয়েছে এবং বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকেও দলীয় নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।