দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
তারেক রহমানের নিরাপদ ও সুস্থ প্রত্যাবর্তনের জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মুরাদনগরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
কায়কোবাদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনও রয়েছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানকে দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। অবশেষে তিনি লন্ডন থেকে ঢাকায় ফিরছেন।
তিনি আরও বলেন, মুরাদনগরের সর্বস্তরের জনগণ, বিশেষ করে মসজিদ ও মাদ্রাসার ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ সফর ও সুস্থ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এই দোয়া কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত মুরাদনগরের সব মসজিদ ও মাদ্রাসায় অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়; বরং এটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।