ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান আজ (বুধবার) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শিক্ষাঙ্গনের দুই পরিচিত ছাত্রনেতার বিয়ের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, এসএম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর একজন নেত্রী। তবে মহিউদ্দীন খানের জীবনসঙ্গী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিয়ের আনুষ্ঠানিকতায় শুধু পারিবারিক আয়োজনেই সীমাবদ্ধ থাকেননি ফরহাদ ও মহিউদ্দীন। বরং বিয়ের মঞ্চেই তারা সাম্প্রতিক সময়ে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। বরের সাজে দাঁড়িয়ে ‘Justice for Hadi’ লেখা প্ল্যাকার্ড হাতে তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডাকসু নেতা এবি জুবায়ের নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করে লেখেন, “বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দীন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব—যুগে যুগে লড়ে যাব।” তার এই পোস্টে বহু শিক্ষার্থী ও রাজনৈতিক সহকর্মী একাত্মতা প্রকাশ করেন।
এর আগে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফরহাদ ও মহিউদ্দীনের বিয়ের তথ্য জানিয়ে তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।
উল্লেখ্য, ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিয়ের মতো ব্যক্তিগত আয়োজনে ন্যায়বিচারের দাবিকে সামনে এনে তারা শিক্ষাঙ্গনে একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।