যুক্তরাষ্ট্রের ইঙ্গিত পেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে ভারত—এমন মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যে সেলিম বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি ভারতে থাকবেন—এই সিদ্ধান্ত নেবে মোদি সরকার। তবে এ বিষয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নিচ্ছে না, যা প্রশ্নের জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গে নিয়মিত কথা বলতেন, কিন্তু বর্তমানে নীরব রয়েছেন। তার দাবি, এই নীরবতার পেছনে রয়েছে ওয়াশিংটনের চাপ। বাস্তবতা হলো—শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষায় রয়েছে।
সিপিআইএম নেতার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হলেও, এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।