বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের কর্মীরা। এর জেরে তাৎক্ষণিকভাবে সেখানে সব ধরনের ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার ২২ ডিসেম্বর শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। বিক্ষোভ ও ভাঙচুরে অংশ নেয় বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের নেতাকর্মীরা।
দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, কয়েক বছর ধরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে ডিইউডিজিটাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
সূত্র মতে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বাঘা যতীন পার্কে জমায়েত হন বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য। সেখান থেকে তারা মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দায়ীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।
পরবর্তীতে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদের অংশ হিসেবে ভিসা অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়।
এই সময় প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের এক কর্মকর্তাকে ফোন করে বলেন,
‘আপনাকে একটাই অনুরোধ, এই অফিসের তালা খুলবে না। আপনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দিন, এই অফিসের তালা খুলবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে, আপনি এখানে ব্যবসা করবেন, সেটা হবে না। বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার অথবা বোর্ড আজকের মধ্যে সরিয়ে নিন।’
পরে ওই প্রতিনিধি স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা বিষয়টি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন। তার ভাষায়, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে এবং সেখান থেকে যেন কোনো ভারতীয় বা হিন্দু বাংলাদেশে না যায় কিংবা ব্যবসা না করে, সেটিই তারা চান।
কলকাতার একটি কূটনৈতিক সূত্র জানায়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ডিইউডিজিটাল সোমবার বিকেল তিনটার আগেই শিলিগুড়ির ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যালোচনার পর পুনরায় কেন্দ্র চালু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ঘটনার পর শিলিগুড়ির ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে একই প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।