রবিউল আলম, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগে একজন ব্যক্তিকে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভার একটি চৌকস দল এবং চৌদ্দগ্রাম থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে।
প্রশাসন জানায়, আবাদযোগ্য কৃষিজমি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা ও কৃষিজমি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।