শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছে এবং এখন সেই হত্যাকাণ্ডকে ইস্যু করে আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শহীদি শপথ’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
ওমর বিন হাদি বলেন, সরকার যদি মনে করে নির্বাচনের পর রাষ্ট্রক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবে, তবে তাদের মনে রাখতে হবে—এই দেশের জনগণ একদিন তাদের বিচার কাঠগড়ায় দাঁড় করাবেই। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত খুনিদের গ্রেপ্তার করে জনসমক্ষে হাজির করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, যাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়।
তিনি দাবি করেন, ওসমান হাদি নিজেই ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিলেন এবং সে লক্ষ্যেই মাঠে নেমেছিলেন। তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের কাছে একটাই দাবি তুলে ধরে ওমর বলেন, হাদির সঙ্গে জড়িত সব খুনি চক্রকে জাতির সামনে প্রকাশ করতে হবে।
ওমর বিন হাদি আরও বলেন, জুলাই বিপ্লবের আগে যারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করত, তারা আজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একই পরিণতি অপেক্ষা করছে বিচার এড়িয়ে যেতে চাওয়া বর্তমান ক্ষমতাসীনদের জন্য।
তিনি বলেন, ওসমান হাদি কোনো রাষ্ট্র, এজেন্সি বা শক্তির কাছে মাথানত করেননি। বরং তিনি দেশের মানুষকে রাজপথে আন্দোলন ও সার্বভৌমত্ব রক্ষার পথ দেখিয়ে গেছেন। তাঁর ভাষায়, জীবিত অবস্থার চেয়েও শহীদ হাদি আজ আরও শক্তিশালী হয়ে মানুষের মাঝে ফিরে এসেছেন।