আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের–এর কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তাঁর স্ত্রী ইসরাত জাহান এবং তাঁদের সহযোগী আক্তারুজ্জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন–এর জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।
পাশাপাশি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আসাদুজ্জামান, তাঁর স্ত্রী ও সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।