বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি দলীয় প্রতীকে এককভাবে জাতীয় সংসদের সব ৩০০ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নির্বাহী কমিটির সভায় মনোনয়ন প্রত্যাশী নেতা ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় এবং আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যেমন কোনো আপস করেনি, তেমনি রাজনৈতিক স্বার্থে কোনো সমঝোতার পথেও যাবে না।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাব্য আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে।
এদিকে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র বিতরণ চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। আর দলীয় প্রার্থীরা ২৮ ও ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।