শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
২২ ডিসেম্বর (সোমবার)বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাই’র সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জের ধরেই (সোমবার)বিকেলেদু’পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী তাদের এই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে বানিয়াচং সেনা ক্যাম্পের একদল সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।