মহরম হাসান মাহিম, খুলনা
খুলনায় এনসিপি নেতা ও জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত নারী তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) রাতে তন্বীকে আটক করা হয়। তবে তার আটকের স্থান ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, সোনাডাঙ্গা থানাধীন সার্জিক্যাল এলাকা (গাজী মেডিকেল কলেজ হাসপাতাল) সংলগ্ন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর সড়কে অবস্থিত মুক্তা হাউজের নিচতলার একটি ভাড়া বাসায় তন্বীর কক্ষে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরপরই বিষয়টি নগরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।