শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাদি হত্যার পর কী কী পদক্ষেপ নিয়েছে—সে বিষয়ে জনসম্মুখে এসে জাতিকে জানাতে হবে। তিনি অভিযোগ করেন, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার না করায় তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই অর্থবহ হতে পারে না। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন আয়োজনের আগে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃশ্যমান বিচারিক পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে কেউ কেউ বোকা ও দুর্বল ভাবলেও জুলাই গণ-অভ্যুত্থানে সেই জনগণই যথাযথ জবাব দিয়েছে। “তারপরও অনেকে শিক্ষা নেয়নি,”—বলে মন্তব্য করেন তিনি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে একটি বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে দক্ষ ও নিরপেক্ষ গোয়েন্দাদের যুক্ত করার দাবি জানানো হয়। সংগঠনটি জানায়, কোনো তথাকথিত বন্দুকযুদ্ধ বা নাটকীয়তা নয়—তারা চায় প্রকাশ্য, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বিচার।
সংবাদ সম্মেলনের শেষে জাবের বলেন, হাদি হত্যাকে কেন্দ্র করে রাষ্ট্র যদি গড়িমসি করে, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে। ইনকিলাব মঞ্চ জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।