ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই)। তিনি বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে—বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
রোববার (২১ ডিসেম্বর) আসরের নামাজের পর শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পীর চরমোনাই। তিনি শহীদ হাদির রুহের মাগফিরাত ও জান্নাতে উঁচু মাকাম কামনা করেন।
তিনি বলেন, রাজধানী ঢাকায় প্রকাশ্যে গুলি করে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হত্যার পর খুনি কীভাবে দেশের সীমানা পার হয়ে পালিয়ে গেল—এটি বোধগম্য নয়। সরকারকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
পীর চরমোনাই আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে এক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের শ্রদ্ধা দেখানোই রীতি। বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়—এ বিষয়ে জাতিসংঘ-কে কার্যকর ভূমিকা রাখতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধীসহ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে তাদের প্রাপ্য শাস্তি কার্যকর করা যায়।
পরে পীর চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-এ মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় ড. সাইফুদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। নামাজ শেষে উপস্থিত ছাত্র ও মুসল্লিদের নিয়ে সমবেতভাবে শহীদ ওসমান হাদির জন্য দোয়া করা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।