নিজ অস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হওয়ার সময় ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ, সদর থানা পুলিশ এবং তার আইনজীবীরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ২১ ডিসেম্বর সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের আবেদন করতে যান আফজাল হোসেন রানা। আবেদন কার্যক্রম শেষে কার্যালয় থেকে বের হওয়ার মুহূর্তে জেলা পুলিশের গোয়েন্দা শাখা তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে দুপুর প্রায় তিনটার দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, একটি বিস্ফোরক আইনের মামলায় আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে তাকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফজাল হোসেন রানা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি পৃথক দুই মেয়াদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর রাজনৈতিক বিরোধিতায় জড়ানোর পর দলীয় পদ হারান বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।