মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে সেলিম হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়।
অপরদিকে, একই দিন রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আবুল কাশেম (৬৪) নামে আরও একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটককৃত দু’জনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।