ভারতীয় আধিপত্যবাদ ও দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে একা পায়ে হেঁটে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছেন রাশেদ প্রধান। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র।
রোববার সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড থেকে—যে স্থানে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল—এই একক পদযাত্রা শুরু করেন তিনি।
পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, ভারত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, ন্যায্য পানির হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ—এসব দিল্লির নীতির অংশে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানানোর উদ্দেশ্যেই এই পদযাত্রা বলে জানান রাশেদ প্রধান।
তিনি আরও বলেন, অতীতে একাধিকবার মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়ার চেষ্টা করা হলেও প্রশাসন মাঝপথে তা আটকে দেয়। সে অভিজ্ঞতা থেকেই এবার প্রায় আট কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যাতে প্রমাণ হয়—একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।
রাশেদ প্রধান জানান, তিনি ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে সঙ্গে একটি কালো গোলাপ বহন করছেন। তার ভাষায়, রাজনৈতিক প্রতীকের ভাষায় কালো গোলাপ কর্তৃত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।