শহীদ শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই হয়তো কারও কাছে অসহনীয় হয়ে উঠেছিল—এ কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। আজীবন তিনি ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা উচ্চারণ করেছেন। নিজের সংস্কৃতি ও পরিচয়ের পক্ষে কথা বলে তিনি কোটি তরুণের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।
সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার যা করছে, তাতে জনগণ এখনও সন্তুষ্ট নয়। হাদির হত্যাকারীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।