ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ–তে শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। মানুষের অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি নির্ভীকভাবে কথা বলেছেন। দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করা। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে হবে। দেশি ও বিদেশি যেসব চক্র গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টি করতে চায় এবং নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক জবাব দিতে হবে।
সালাহউদ্দিন আহমদের ভাষায়, এভাবেই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।