“বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি থাকবে সব বাংলাদেশির বুকে”—জুলাই শহীদ শরিফ ওসমান হাদির উদ্দেশে এমন আবেগঘন কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে নয়—তোমাকে বুকে ধারণ করতেই আমরা এখানে এসেছি। বাংলাদেশ থাকবে যতদিন, ততদিন তুমি সব বাংলাদেশির হৃদয়ে থাকবে; একে কেউ মুছে ফেলতে পারবে না।
শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ–তে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শুরুর আগে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, হাদি কোথাও হারিয়ে যাবে না, কেউ কোনোদিন তাকে ভুলতে পারবে না। জাতির পক্ষ থেকে তাকে আল্লাহর কাছে আমানত রেখে আমরা অঙ্গীকার করছি—তার কথা ও আদর্শ ধারণ করে জাতির অগ্রগতির পথে এগিয়ে যাব।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনী রাজনীতির যে প্রক্রিয়া হাদি আমাদের শিখিয়ে গেছেন—মানুষের কাছে কীভাবে যেতে হয়, কীভাবে প্রচারণা চালাতে হয়—সেই শিক্ষাই আমরা গ্রহণ করছি। আজ লাখ লাখ মানুষ এখানে হাজির, ঢেউয়ের মতো মানুষ আসছে; এই মুহূর্তে কোটি কোটি মানুষের দৃষ্টি এখানে—হাদিকে ঘিরে।
হাদির কাছে দেওয়া অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, তুমি যা বলে গেছ—তা যেন আমরা পূরণ করতে পারি, সেই প্রতিশ্রুতি দিতেই আমরা একত্র হয়েছি। এই অঙ্গীকার শুধু আমাদের নয়; প্রজন্মের পর প্রজন্ম তা বহন করবে। মানবপ্রেম, ভঙ্গি, চলন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হাদির যে আলোক—তা যেন আমাদের চেতনায় সদা জাগ্রত থাকে।
তিনি আরও বলেন, হাদি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছেন—যা কোনো বাংলাদেশি কোনোদিন ভুলবে না। ‘বল বীর, চির উন্নত মম শির’—এই মন্ত্র আমাদের কানের পাশে চিরদিন বাজবে। এই মন্ত্র ধারণ করেই আমরা মাথা উঁচু করে চলব, কারও কাছে মাথানত করব না।
জানাজার আগে প্রধান উপদেষ্টার পাশাপাশি ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বক্তব্য দেন এবং শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করেন। আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
এদিন প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ হাদির জানাজায় অংশ নেন। সবাই শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজার নামাজ পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। পুরো এলাকায় নেমে আসে শোকাবহ নীরবতা।