ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি–এর জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরে তিনি হাদির মরদেহ দেখতে হাসপাতালে যান এবং পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে তিনি তার লন্ডন সফর সংক্ষিপ্ত করে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হাসপাতালে গিয়ে হাদিকে এক নজর দেখেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তবে এমন গভীর শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি। মহান আল্লাহ যেন এই পরিবারসহ পুরো দেশবাসীকে সবরে জামিল দান করেন—এ দোয়া করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান আরও লেখেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধি নন; তিনি এই দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক। তাই তার জানাজায় অংশগ্রহণ কেবল একটি রাজনৈতিক বা দলীয় দায়িত্ব নয়, বরং একজন বীর সন্তানের প্রতি জাতির সম্মান প্রদর্শনের বিষয়। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের এই জানাজায় সবাই যেন দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করেন এবং হাদিকে সর্বোচ্চ সম্মান জানান।
পোস্টে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবেন। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার কাঁধে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার শাহাদাত কবুল করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন—এই প্রার্থনাও করেন তিনি।
হাদির জানাজাকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অঙ্গনে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে।