মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর
গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকায় সাজন ফিলিং স্টেশন সংলগ্ন দিশারী প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতায় তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।