আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। আসনটিতে একই সময়ে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দায়িত্বশীল সূত্র জানায়, সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা কাজী মফিজুর রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পাওয়ায় নিজের জনপ্রিয়তার ওপর আস্থা রেখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ৫ বারের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলের শীর্ষ পর্যায়ের এই দুই নেতার সক্রিয়তায় নোয়াখালী-২ আসনে পরিবর্তন আসতে পারে এমনটা ধারণা করছে স্থানীয়রা।