হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, গত এক মাসের মধ্যে এখন ম্যাডামের শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজও তাঁর একটি ছোট অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।” তিনি আরও জানান, অপারেশনের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি।
চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে, তাই একে আইসিইউ বললেও ভুল হবে না।
এ সময় ডা. জাহিদ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মী ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ এই খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।