ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) দলের সদস্যসচিব আখতার হোসেন এই নির্দেশনা দেন।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় আখতার হোসেন বলেন, বিক্ষোভ কর্মসূচি চলবে, তবে কোনো অবস্থাতেই বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের ভেতরে হঠকারী ও স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী অনুপ্রবেশ করে স্যাবোটাজ করার চেষ্টা করতে পারে। এ কারণে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আখতার হোসেন আরও বলেন, প্রতিবাদী বক্তব্য অবশ্যই থাকবে, তবে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই।
কিন্তু আমাদের আন্দোলনকে ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন দেশের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ না পায়, সেটি আমাদেরই নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে জনসাধারণকে সচেতন রাখার দায়িত্বও নেতাকর্মীদের ওপর বর্তায় বলে উল্লেখ করেন তিনি।
আন্দোলনের দাবিগুলোর মধ্যে রয়েছে—শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার, জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেপ্তার ও নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
এই দাবিগুলো সামনে রেখে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।