প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এই দুই পত্রিকার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে তিনি আতঙ্কে ভরা ও কান্নাজড়িত একাধিক সাহায্যের ফোন পেয়েছিলেন।
শফিকুল আলম লেখেন, ‘দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি আতঙ্কে ভরা ফোন পেয়েছি। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে দুঃখিত—আমি আপনাদের রক্ষা করতে পারিনি।’ তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে ও সহায়তা জোগাড় করতে তিনি সঠিক মানুষদের কাছে অসংখ্য ফোন করেছিলেন। তবে সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে শফিকুল আলম আরও বলেন, ভোর পাঁচটার দিকে তিনি শেষ পর্যন্ত ঘুমাতে যান। তখন জানতে পারেন, দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তবে ততক্ষণে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর সংঘটিত সবচেয়ে ভয়াবহ জনতা হামলা ও অগ্নিসংযোগের একটি ঘটনার শিকার হয়েছে।
তিনি লেখেন, ‘আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো শব্দ আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।’ একই সঙ্গে তিনি লজ্জা ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ইচ্ছে হয় লজ্জায় নিজেকেই যেন মাটির নিচে লুকিয়ে ফেলতে পারতেন।
এই ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।