শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’-এর ডাক দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী আন্দোলন জারি রাখতে ছাত্র-জনতা রাজপথে থাকবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সাদিক কায়েম কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদির রক্তের আমানত হিসেবে এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে।