ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এসব কর্মসূচির মধ্যে কোথাও কোথাও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, জনগণের প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, এসব গোষ্ঠী জুলাই আন্দোলনের আদর্শের পরিপন্থী এবং মূল আন্দোলনকে বিতর্কিত করাই তাদের উদ্দেশ্য।
নাহিদ ইসলাম আন্দোলনকারীদের দায়িত্বশীল আচরণ বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ওসমান হাদি সহিংসতা বা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করতেন না। তিনি আন্দোলনকে গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের পথে পরিচালিত করার শিক্ষা দিয়ে গেছেন।
আসিফ মাহমুদ আরও বলেন, যারা আগুন দিচ্ছে বা সহিংসতায় জড়াচ্ছে, তারা জুলাই আন্দোলনের অংশ নয়। তাঁর মতে, এসব ব্যক্তি পরিকল্পিতভাবে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অনুপ্রবেশকারী হিসেবে মাঠে নেমেছে। তিনি হাদির স্মরণে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।