ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, “হাদী ফিরে এসে দেখবে, এই জমিনে লক্ষ হাদী তৈরি হয়ে গেছে।” বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সিবগাতুল্লাহ সিবগা বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের আহ্বায়ক অলি উল্লাহর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে এ বক্তব্য দেন। শেয়ার করা পোস্টে তিনি লেখেন, “হাদী ফিরে এসে দেখবে, এই জমিনে লক্ষ হাদী তৈরি হয়ে গেছে। হাদী ৫৬ হাজার বর্গমাইল ঘুরে আজাদীর কথা বলতে চেয়েছিল। কিন্তু ৫৬ হাজার বর্গমাইলে হাদী না পৌঁছালেও হাদীর চেতনা পৌঁছে গেছে।”
এর আগে অলি উল্লাহ তার ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে আবেগঘন অনুভূতির কথা তুলে ধরেন। তিনি লেখেন, তার ২০ মাস বয়সী ছেলের নামও উসমান। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় কিংবা ঘুম থেকে ওঠার পর স্ত্রীসহ হাদিকে নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।
অলি উল্লাহ লেখেন, এক সকালে তার স্ত্রী হঠাৎ বলেন, “আমরা আমাদের উসমানকেও দেশের জন্য ডেডিকেট করব, সেভাবেই গড়ে তুলব ইনশাআল্লাহ। ও যেন দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হয়।” তিনি আরও বলেন, এভাবেই হাদিদের জন্ম হয়। যে মা দুদিন আগেও সন্তানকে আগলে রাখার কথা ভাবতেন, সেই মা আজ শহীদের মা হওয়ার স্বপ্ন দেখছেন।
পোস্টের শেষাংশে অলি উল্লাহ লেখেন, “হাদিরা মরে না, তারা কয়েকগুণ হয়ে ফিরে আসে।” এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই একে আদর্শ, আত্মত্যাগ ও চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করছেন।