আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বাড্ডা ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সাগর আহমেদ এবং কুমিল্লার হারুনুর রশীদ।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজারের ডিসি ও এসপি-র পরিচয় দিয়ে আসছিল। তারা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং নানা কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
গত ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়। সেখানে জানানো হয়েছিল, ০১৮৬৪৯০১৭৬৫ নম্বর ব্যবহার করে জনৈক ব্যক্তি নিজেকে কক্সবাজারের পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছে।
সেই তথ্যের সূত্র ধরে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিবি পুলিশ এই চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, “এই সংঘবদ্ধ চক্রটি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া প্রোফাইল তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে পুনরায় সতর্ক করে জানানো হয়েছে যে, সরকারি কর্মকর্তারা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লেনদেন বা দাপ্তরিক কাজের প্রস্তাব দেন না।
এ ধরনের কোনো কল বা মেসেজ পেলে তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।