সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা নিয়ে আজ বুধবার ব্রিফ করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দুপুর সাড়ে ১২টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। দলীয় সূত্রগুলো বলছে, দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে, তা নিরসনের লক্ষ্যেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাঁকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে দেশি ও বিদেশি প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে। প্রতিদিন বোর্ডের বৈঠকের মাধ্যমে রোগীর অবস্থা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে।
চিকিৎসক সূত্রে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন। তাঁর শারীরিক সমস্যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র এবং চোখের নানা জটিলতা। সর্বশেষ অসুস্থতার সময় নিজ বাস ভবনে অবস্থানকালে তাঁর শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও চরম শারীরিক দুর্বলতা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও গভীর আগ্রহ ও উদ্বেগ রয়েছে। আজকের ব্রিফিংয়ে তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সবাই।