রাব্বিকুল ইসলাম,দুমকী প্রতিনিধি :
আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব গোলাম রাজ্জাক খান (৭২) ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুমকি থানার এসআই মোঃ সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।